নেত্রকোনার আটপাড়ায় গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল মামুন (১৮) নামের এক কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার লনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন মল্লিকনগর গ্রামের আল আমিনের ছেলে। তিনি সদ্য শেষ হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আটপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পরীক্ষা শেষ হওয়ায় মামুন বাড়িতে অবস্থান করছিল এবং অবসরে পরিবারের গবাদিপশু দেখভাল করত। শুক্রবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকালে বৃষ্টির মধ্যে তিনি বাড়ির সামনে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ৯টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।


