রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে মাদানি অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বেলা সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাতুল মহাখালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি যমুনা ফিউচার পার্কের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন এবং স্ত্রীসহ বাড্ডা সাঁতারকুল বেরাইদ এলাকায় বসবাস করতেন।
নিহতের বোন শম্পা আক্তার জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার রাতুলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও এর চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা-পুলিশ খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


