আগামী তিন বছরে বিবিসি তাদের মোট ব্যয়ের ১০ শতাংশ কমিয়ে আনার এক মহাপরিকল্পনার অংশ হিসেবে ২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
বুধবার বিকালে প্রতিষ্ঠানের এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের এই বড় আকারের কর্মী হ্রাসের বিষয়টি জানানো হয়। ‘ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরের মধ্যে এটিই ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
এই বিশাল রদবদল এমন এক সময়ে এল যখন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন আগামী মাসে বিবিসির পরবর্তী মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
নতুন এই কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে বিবিসি তাদের বিশেষ জাতীয় অনুষ্ঠান-যেমন রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া বা রাষ্ট্রীয় আয়োজনের বিভাগটিকেও ছোট করার পরিকল্পনা করেছে। এই বিভাগে মাত্র একজন স্থায়ী কর্মী রাখা হবে এবং বাকি কাজ ফ্রিল্যান্সারদের মাধ্যমে সম্পন্ন করা হবে।
বিবিসি জানিয়েছে, গত তিন বছরে তারা ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি সাশ্রয় করেছে, যার বড় অংশই মানসম্মত অনুষ্ঠান তৈরিতে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। তবে বর্তমানের দ্রুত পরিবর্তনশীল মিডিয়া বাজারে টিকে থাকতে এবং আর্থিক চাপ সামাল দিতে ব্যয়ের লক্ষ্যমাত্রা আরও ১০ শতাংশ কমানো জরুরি হয়ে পড়েছে।
কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতের কথা মাথায় রেখে দর্শক সেবার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।


