অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফলাফলের দিকে না তাকিয়ে পুরো পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাকেতে শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সতীর্থরা নিজ নিজ দায়িত্ব পালন করতে পারলে ফলাফল আপনাআপনিই আসবে।
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে ম্যাকেতে টেস্ট ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। অন্যদিকে সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জয়ের বিকল্প নেই।
তবে সিরিজের সমীকরণ নিয়ে ভাবতে চান না শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। টেস্টের পাঁচ দিনই আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। প্রতিটি দিন, প্রতিটি সেশন—আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রক্রিয়াটা ঠিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে ফলাফল আপনাআপনি আসবে।’
ডারউইন টেস্ট জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। কিন্তু সেই জয়ের আবেগ দ্রুত পেছনে ফেলে নতুন টেস্টে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অধিনায়ক।
শান্ত বলেন, ‘জয় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে সেখান থেকে খুব দ্রুত ফিরে আসাটা গুরুত্বপূর্ণ। ডারউইনের জয় এখন অতীত। আমরা আলোচনা করেছি, কীভাবে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি। আশা করি, খেলোয়াড়েরা সেখান থেকে বেরিয়ে এসে এই টেস্ট ম্যাচটি নতুনভাবে শুরু করবে।’
ম্যাকের কন্ডিশনও ডারউইনের চেয়ে কিছুটা ভিন্ন। এখানকার আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা এবং বাতাসও বেশি। তবে দুই দিনের অনুশীলনের পর কন্ডিশন সম্পর্কে দলের খেলোয়াড়রা ভালো ধারণা পেয়েছেন বলে জানিয়েছেন শান্ত।
চোটের দিক থেকেও স্বস্তিতে বাংলাদেশ। আঙুলের সমস্যার পর ব্যাটিংয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। ঘাড়ের অস্বস্তির কারণে বৃহস্পতিবার ব্যাটিং অনুশীলন মিস করা তানজিদ হাসানও শুক্রবার ব্যাটিং করেছেন।
তানজিদের বিষয়ে শান্ত বলেন, ‘তানজিদও আজ ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয়, আগামীকাল সকালে আমরা ভালো একটি সিদ্ধান্ত নিতে পারব।’
ম্যাকেতে বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। তবে সেই ইতিহাসের কথা না ভেবে সেশন ধরে ভালো ক্রিকেট খেলেই লক্ষ্যে পৌঁছাতে চান শান্ত।
উল্লেখ্য, ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ রিজিয়ন অ্যারেনায় বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টায় সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে।


