দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় এই মৃত্যুর রেকর্ড করা হয়।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৭ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে নতুন করে ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯০৮ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সাড়ে তিন মাসে দেশজুড়ে মোট ১ লাখ ২ হাজার ২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। ল্যাব টেস্ট ও ক্লিনিক্যালি নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।
একই সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে মারা গেছেন ৯৩ জন এবং সন্দেহজনকভাবে আরও ৬২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি। ঢাকা বিভাগে এ পর্যন্ত মোট ৪৬ হাজার ৬৩৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৮ হাজার ১২২ জন নিশ্চিত হাম রোগী।
ঢাকা বিভাগে সন্দেহজনক হামে ২৬৯ জন এবং নিশ্চিত হাম রোগে ৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১৭ হাজার ৭০২ জন এবং নিশ্চিত রোগী ১ হাজার ১৮৫ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ১০ হাজার ২৩১ জন এবং রাজশাহী বিভাগে ৮ হাজার ২৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।


