প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা, যারা নিবন্ধিত ভোটার এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি)ধারী, পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তিনি আরও বলেন, ‘এই ব্যবস্থার আওতায় প্রবাসীরা ভোট দিতে পারবেন “পোস্টাল ব্যালট বিডি” নামে একটি অ্যাপের মাধ্যমে, যার কাজ বর্তমানে চলমান রয়েছে।‘
ঢাকায় বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, সিইসি সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি প্রবাসী ভোটারদের নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রবাসীদের বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।
তিনি নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং বাংলাদেশের নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন, পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং নির্বাচন কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রবাসী বাংলাদেশিরা সিইসি’র কানাডা সফরে তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য কৃতজ্ঞতা জানান এবং কনস্যুলেটের পক্ষ থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন, যেখানে তারা নির্বাচনী বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে মুক্ত আলোচনা করেন।


