অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, ‘মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তার নিজেরই।’
মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা। এ সময় তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের অর্থনীতির ‘সংকটকালীন পরিস্থিতির’ ইঙ্গিত দিয়ে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’
তিনি বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ- বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশের সংকটে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ। গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত। আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’
আলোচনার সময় সেখানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


