নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এনটয়ইন। বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরের আউটলেটে পাওয়া যাবে এনটয়ইনের পণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে এনটয়ইনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও ফ্যাশনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনটয়ইন মূলত নারীদের জন্য প্রিমিয়াম পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে কাজ করছে। সমসাময়িক নকশা, উন্নতমানের কাপড়, নিখুঁত ফিনিশিং এবং স্বতন্ত্র ডিজাইনের সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি পরিশীলিত ফ্যাশন অভিজ্ঞতা তৈরি করাই ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
এনটয়ইনের সংগ্রহে থাকছে ক্যাজুয়াল, পার্টি ও অফিস ওয়্যারসহ বিভিন্ন ধরনের পোশাক। আধুনিক নারীর জীবনযাপন, প্রয়োজন ও ব্যক্তিত্বকে বিবেচনায় রেখে সংগ্রহগুলো সাজানো হয়েছে। পোশাকের পাশাপাশি এনটয়ইনের সংগ্রহে থাকছে ফ্যাশনেবল ও উন্নতমানের জুতার কালেকশন, যা ক্রেতাদের সম্পূর্ণ সাজকে আরও পরিপূর্ণ করে তুলবে।
এনটয়ইনের ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া বিনতে হোসাইন বলেন, ‘আজ শুধু একটি শোরুমের দরজা খুলছে না, আজ একটি স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। আমরা চাই এনটয়ইন স্বপ্নের মতোই এগিয়ে যাক, আরও বড় হোক, আরও সুন্দর হোক। এই যাত্রায় আপনাদের ভালোবাসা, আস্থা ও পাশে থাকাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।’
এনটয়ইন ফ্যাশনের প্রচলিত সীমারেখা পেরিয়ে নতুনত্ব, ব্যক্তিত্ব ও নান্দনিকতার সমন্বয় ঘটানোর প্রত্যয় তুলে ধরা হয়েছে। পোশাক শুধু ব্যক্তিগত সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়; এটি একজন নারীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নিজস্ব রুচিরও প্রকাশ।
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম আউটলেটের মাধ্যমে এনটয়ইনের বাণিজ্যিক যাত্রা শুরু হলেও এটি কেবল একটি শোরুম উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদি স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ। ভবিষ্যতে দেশের নারী ক্রেতাদের জন্য আরও নতুন ও বৈচিত্র্যময় পোশাক ও ফ্যাশন সংগ্রহ নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির।


