নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
শুক্রবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশন মির্জা ফখরুলের প্রতি এই অভিনন্দন পৌঁছে দেয়। বার্তায় আসিফ আলী জারদারি আশা করেন, রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রগতি অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে।
ঢাকা-ইসলামাবাদ দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে পাক প্রেসিডেন্ট বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে ঘনিষ্ঠ বন্ধন রয়েছে।’ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে বলেও আশা করেন তিনি।
সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা করেন আসিফ আলী জারদারি।
পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাক প্রেসিডেন্ট।
পাকিস্তান ছাড়াও রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স ও সুইজারল্যান্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় দেশ দুটির দূতাবাস নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়।
ঢাকার চীনা দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনও মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমদ।
৩৫ বছর পর আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বিরোধী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ভোট গণনা শেষে বিকালে সংসদ কক্ষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। রাতেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


