বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। ভারত সফরেও কোনো অসুবিধা নেই। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ আর কারও আধিপত্যবাদ মেনে নেবে না।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধ করতে পারেন। তবে তিনি তা চাইছেন কি না, সেটিই বড় বিষয়।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। মানুষের আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের জনমানুষের পাশে থাকতে হবে। কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সোচ্চার থাকতে হবে।
মহানগর জামায়াতের আমির মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান।


