কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাস বিরোধী আইনের মামলা থেকে মুক্তি পেতে বাধা নেই দলটির কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভুইঁয়ার।
সোমবার বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান। এর আগে গত বুধবার গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের আরেক মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত।
ফলে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর না হওয়ায় আওয়ামী লীগের এই নেতার মুক্তিতে আর কোনো বাধা থাকল না।
গুলশান থানার উপপরিদর্শক মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ অক্টোবর সকালে গুলশানের একটি বাসা থেকে আহসান হাবিবকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই তাকে কারাগারে পাঠান আদালত। পরে গত বুধবার এ মামলায় জামিনের পর আহসান হাবিব ভূঁইয়াকে বনানী থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার সে আবেদন নাকচ করে আদেশ দেয় আদালত।
যদিও আসামিপক্ষের আইনজীবী ওমর ফারুকের দাবি, আহসান হাবিব একজন ‘জুলাই যোদ্ধা’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল।
গুলশান থানার মামলার এজাহার থেকে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এসময় তারা গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
পরদিন গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মাহাবুব হোসাইন সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।


