সাতক্ষীরায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তির নাম দেবাশীষ মন্ডল। তার বাড়ি সাতক্ষীরা সদরের কুলতিয়া গ্রামে।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদরের বুধহাটা ইউনিয়নের একটি গ্রামের ওই কিশোরীকে কিছুদিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষণ করে কলেজছাত্র দেবাশীষ মন্ডল। ধর্ষণে বাধা দেওয়ায় ওেই কিশোরীকে জখম করা হয়, ধারণ করা হয় ধর্ষণের ভিডিও চিত্র।
এই ভিডিও চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এরপর বেশ কয়েকবার তাকে ধর্ষণ করে দেবাশীষ। এসময় তাকে সহযোগিতা করে একই গ্রামের হৃদয় ঘোষ ও হাবিব।
ধর্ষণের ঘটনা বাবা ও মাকে জানালে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দেবাশীষ ও হৃদয়ের এর নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন কিশোরীর বাবা।
ডাক্তারি পরীক্ষা শেষে আদালত কিশোরীর জবানবন্দি নেয়।
মামলা তদন্তের দায়িত্ব পান ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহরাব হোসেন।
মামলার বিষয়টি জানতে পেরে র্যাব-৬ এর সাতক্ষীরা শাখার সদস্যরা বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের পাশ থেকে দেবাশীষকে আটক করে পুলিশে সোপর্দ করে।
উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, ‘আসামি দেবাশীষকে র্যাব সদস্যরা আটক করে সদর থানায় সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহষ্পতিবার আদালতে পাঠানো হবে।’


