নওগাঁর পোরশা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দয়াহার শেখপাড়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসা-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন রায়হান কবির। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান।
বিষয়টি দেখে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


