রাজধানীতে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার প্রেক্ষিতে সায়দাবাদ বাস টার্মিনালে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে সায়দাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে।
এই নকশাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সঙ্গে পর্যালোচনা করে প্রস্তুত করা হয়।
মঙ্গলবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়দাবাদে অতিরিক্ত জায়গা নির্ধারণসহ এসি বাস সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠা-নামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার আধুনিক নকশা করা হয়েছে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এই কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
ডিএসসিসির প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত টেন্ডার পদ্ধতির মাধ্যমে কাজ বাস্তবায়ন সময়সাপেক্ষ। তাই দ্রুত কাজ সম্পাদন করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নের একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে, যেন দ্রুততম সময়ে যানজট নিরসন করা সম্ভব হয়।


