সত্যের মুখোমুখি হতে চাইলে শেখ হাসিনা দেশে আসবেন: আইনমন্ত্রী

সত্যের মুখোমুখি হতে চাইলে শেখ হাসিনা দেশে আসবেন: আইনমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আইনমন্ত্রী ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। আমিও চাই তিনি দেশে ফিরে গণহত্যার দায়ে আইনের মুখোমুখি হোন এবং কারাগারে যান। আইন তার নিজস্ব গতিতেই চলবে।

শুক্রবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমরা অস্বীকার করতে পারি না, তিনি খুন, গুম ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন। সেই সত্যের মুখোমুখি হতে চাইলে অবশ্যই দেশে আসবেন।’

বিচার বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এমন একটি বিচার বিভাগ চাই, যেখানে একজন গরিব ও অসহায় মানুষ সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারবেন। এখনো সেখানে অনেক সমস্যা রয়েছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘কেউ বিচার বিভাগের দুর্নীতির কথা বলেন, কেউ দালালচক্রের কথা বলেন, কেউ কাঠামোগত দুর্বলতার কথা বলেন। আমার কাছে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের মনে রাখতে হবে, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই এই পেশায় এসেছেন।’

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন তিনি ভিডিও কনফারেন্সে আসবেন। কিন্তু তিনি একটি রেকর্ড করা অডিও পাঠিয়েছেন। অনেকে বলছেন, সেটি এআই জেনারেটেড। তিনি দেশে ফিরুন বা না ফিরুন, আমার কাছে তিনি ফেরারি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যা এবং জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার মামলায় তিনি অভিযুক্ত।’

তিনি বলেন, ‘এত অপরাধের পরও শেখ হাসিনা কি একবারও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি স্বীকার করেছেন যে অপরাধ করেছেন?’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad