রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি থেকে শুরু হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য সালেহ্ হাসান নকীব সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার জানান, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ১৭ জানুয়ারি শনিবার ‘এ’ ইউনিটের (মানবিক অনুষদ) এবং সবশেষে ২৪ জানুয়ারি শনিবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এ বছর ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় নতুনভাবে বরিশালকে পরীক্ষাকেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে। ফলে এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল–এই ছয়টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন ছিল ৪ হাজার ৩২৩টি। সেখানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন ২ লাখ ৩৭ হাজার ৪১৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৫৫ জন করে।


