ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোন সংশয় নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকালে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে আরো জোরাল অবস্থান থাকা প্রয়োজন ছিল কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণে এটি খুবই জোরাল ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো সংশয় নেই। আমরা “কনভিন্সিড”, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা তার বক্তব্যে যে প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় যে ধরনের পদক্ষেপ নিয়েছেন সেগুলো তুলে ধরেছেন।’
‘আমরা অত্যন্ত খুশী এজন্য যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে তিনি জাতিসংঘে নিয়ে এসেছেন এবং সেখানে তার মূল উদ্দেশ– জাতির যে ঐক্য, সেটিকে প্রকাশ করা। যেটা “ইউনিক একটা এফোর্ট।” বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। সেটার তিনি উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি,’ বলেন ফখরুল।
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সেজন্য এটিকে সমর্থন করেছেন।’
পিআরের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলেছি আমরা নিম্নকক্ষ পিআরের পক্ষে নই। আমরা উপরেরদিকেও পিআরের কথা বলিনি। তবে সেগুলো পরবর্তীতে আলোচনা করে সমস্যার সমাধান করা যেতে পারে।’
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


