মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়া থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটির পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। বুধবার সকালে স্থানীয়রা এগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
স্থানীয়রা জানিয়েছেন, চর গোয়াল গ্রামের সরদারপাড়ার সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের বেঞ্চের ওপর বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোহাগ, তোর সরদাররা এত নিমকহারাম। আতাহার হাবেলকে মারার জন্য রিফিউজিদের টাকা দিয়েছিল। আতিয়ার, ইব্রাহিম, কিবরিয়া, মনি, শাহজাহান, হালিম মাস্টারকে মারার জন্য তোর সরদার বংশ আট লাখ টাকা দিয়েছে, এ কথা কি দেখিনা তো? বেইমান তোরা, তোদের অপেক্ষায় ছিলাম। টাকা যদি না দিস, শুনে রাখ, এটি একটি নমুনা মাত্র, খবর আছে। সত্য কথার শত্রু অনেক।’
মেহেরপুর গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।
আরও পড়ুন: মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার


