কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটকদের মধ্যে থানা থেকে ১৭ জনকে ছিনিয়ে নিয়ে গেছে একদল কিশোর। বুধবার সন্ধ্যার দিকে দাউদকান্দি মডেল থানার উদ্যোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। এ সময় অর্ধশত কিশোর ও তরুণকে আটক করা হয়। পরে একদল কিশোর থানায় গিয়ে ১৭ জনকে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় তারা থানার চেয়ার-টেবিল ভাঙচুর করে।
নাম প্রকাশ না করার শর্তে থানার এক পুলিশ কর্মকর্তা জানান, বহিরাগতদের আচরণ ছিল ভয়াবহ। তারা স্লোগান দিতে দিতে থানায় ঢুকে আটক ব্যক্তিদের নিয়ে যায়।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।
কিন্তু থানায় হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


