১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে ২-১ ব্যবধানে সদ্য জেতা এই সিরিজে বল হাতে তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে অবদান রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই পারফরম্যান্সের পর একইসাথে ওয়ানডে অলরাউন্ডার ও বোলারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার।
বুধবার আইসিসির সাপ্তাহিক হালনাগাদের পর দুই ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এখন দ্বিতীয় অবস্থানে আছেন মিরাজ, তার রেটিং পয়েন্ট ২৮০। ৩২৯ রেটিং নিয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। মিরাজের পরেই আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
তবে বোলারদের র্যাংকিংয়ে আরো বড় লাফ দিয়েছেন মিরাজ। নয় ধাপ এগিয়ে উঠেছেন সপ্তম অবস্থানে। এই অফস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৬২৪। বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে আছেন রশিদ খান, দুইয়ে জোফরা আর্চার, তিনে কেশব মহারাজ।


