লক্ষ্মীপুরে রামগঞ্জে ইসলামী আন্দোলন ও বিএনপির মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারী কলেজ মাঠে স্টার নিউজের প্রোগ্রাম চলাকালীন এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করায় এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রাথীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল।
এ সময় এক সাধারণ শিক্ষার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করায় বিক্ষুব্ধ হয়ে উঠে ইসলামি আন্দোলনের সমর্থকরা।
এ নিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর লোকজন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে কেউ এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


