নেত্রকোনার মোহনগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আবু বাক্কারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুন্জুরী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আবু বাক্কার (৬২) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোলামখার চর গ্রামের মৃত জাফর আলীর ছেলে। ভুক্তভোগী তার স্ত্রীর নাম রিজিয়া খাতুন। রিজিয়ার পূর্বে আরেকটি বিয়ে হয়েছিল। দ্বিতীয়বার আবু বাক্কারের সঙ্গে বিয়ের পর তিনি আগের স্বামীর কাছে যেতে চাইলে দাম্পত্য কলহ শুরু হয়। এর জেরে ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে মোহনগঞ্জ উপজেলার বাসুন্তিয়া গ্রামে বাদীর বাড়ির উঠানে আবু বাক্কার গায়ের শার্ট দিয়ে স্ত্রীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ উঠানের খড়ের স্তুপের নিচে লুকিয়ে রেখে তিনি পালিয়ে যান এবং ফোনে তার ছেলেকে ঘটনার কথা জানান।
পরদিন ৩০ এপ্রিল নিহতের স্বজন বিউটি বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ প্রথম ও পরে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. নজরুল ইসলাম খান। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়।


