রাইড শেয়ারিং জায়ান্ট উবার টেকনোলজিসের অধীনে চলে যাচ্ছে ফুডপান্ডা। ফুডপান্ডার জার্মান মালিক প্রতিষ্ঠান ‘ডেলিভারি হিরো’র পরিচালনা পর্ষদ ও তত্ত্বাবধায়ক পর্ষদ বৃহস্পতিবার উবারের অধিগ্রহণ প্রস্তাবের পক্ষে মত দিয়েছে।
সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের দ্বিতীয়ভাগে এই চুক্তি চূড়ান্ত হতে পারে। আর চুক্তিটি বাস্তবায়ন হলে বার্লিনভিত্তিক কোম্পানিটির মোট মূল্য দাঁড়াবে ১৩ বিলিয়ন ইউরো বা প্রায় ১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার।
এর মাধ্যমে বিশ্বের অন্যতম বড় রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও কুইক কমার্স প্ল্যাটফর্ম তৈরি হবে, যা বাংলাদেশসহ বিশ্বের ৯৯টি বাজারে ব্যবসা পরিচালনা করবে।
অধিগ্রহণ চুক্তির অংশ হিসেবে উবারের সাথে একটি ব্যবসায়িক সমন্বয় চুক্তি সই করেছে ডেলিভারি হিরো। এর আওতায় উবার ডেলিভারি হিরোর প্রতিটি শেয়ারের জন্য ৪১ দশমিক ৫০ ইউরো নগদ অর্থ দেওয়ার প্রস্তাব করেছে, যা সব সম্ভাব্য শেয়ার বিবেচনায় নিলে ১৩ বিলিয়ন ইউরো মূল্যের সমান হয়।
বিশ্বের অন-ডিমান্ড কমার্স খাতে এটি অন্যতম বড় চুক্তি। কারণ কোম্পানিগুলো বর্তমানে পরিচালনা খরচ কমাতে এবং সাধারণ খাবার সরবরাহের বাইরে গিয়ে মুদি ও খুচরা পণ্য দ্রুত গ্রাহকের ঘরে পৌঁছে দিতে নিজেদের ব্যবসা বড় করতে চাইছে।
চুক্তিটি সম্পন্ন হলে ২০২৫ সালের হিসাব অনুযায়ী দুই কোম্পানির সম্মিলিত বার্ষিক মোট বুকিংস বা গ্রস মার্চেন্ডাইজ ভ্যালু দাঁড়াবে প্রায় ২৩৬ বিলিয়ন ডলার।
চুক্তি অনুসারে, উবার মোট ৫০টি দেশে ডেলিভারি হিরোর কার্যক্রম অধিগ্রহণ করবে। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, হংকং, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে ফুডপান্ডার ব্যবসা রয়েছে, যা উবারের বৈশ্বিক পোর্টফোলিওর অংশ হবে।
পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বেডাল মিনজক, তালাবাত, গ্লোভো, পেডিডোসইয়া, হাঙ্গারস্টেশন এবং ফুডোরা হাঙ্গেরির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোও উবারের আওতায় চলে আসবে।
বাংলাদেশে ফুডপান্ডা বর্তমানে খাবার ও কুইক কমার্স সেবা দিচ্ছে। অন্যদিকে উবার কয়েক বছর আগে ফুড ডেলিভারি ব্যবসা উবার ইটস বন্ধ করে দিয়ে এখন শুধু রাইড শেয়ারিং সেবা দিচ্ছে। চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে দুই কোম্পানি আগের মতোই আলাদাভাবে তাদের ব্যবসা চালাবে।
অন্যদিকে দুই কোম্পানির একই ধরণের ব্যবসা রয়েছে, এমন ১৪টি দেশে ফুডপান্ডার ফুড ডেলিভারি ও কুইক কমার্স ব্যবসা উবার নিজেদের নিয়ন্ত্রণে রাখবে না। নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসএসডব্লিউ পার্টনার্স প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ইউরো বা ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে এই ১৪টি দেশের ব্যবসা কিনে নিতে আলাদাভাবে রাজি হয়েছে।
উবার জানিয়েছে, এসএসডব্লিউ পার্টনার্স এগুলোর জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত মালিক খুঁজবে। এই ১৪টি দেশের মধ্যে রয়েছে অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, মলদোভা, গ্রিস, সাইপ্রাস, চিলি, ইকুয়েডর ও তুরস্ক।
ডেলিভারি হিরোর পরিচালনা পর্ষদ ও তত্ত্বাবধায়ক পর্ষদ এই চুক্তির কৌশলগত যৌক্তিকতাকে পূর্ণ সমর্থন করেছে। জার্মান অধিগ্রহণ আইনের আওতায় প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তাবপত্র পর্যালোচনার পর তারা শেয়ারহোল্ডারদের কাছে শেয়ার বিক্রির জন্য সুপারিশ করবে।
ডেলিভারি হিরোর তত্ত্বাবধায়ক পর্ষদের চেয়ারপারসন ক্রিস্টিন স্কোগেন লুন্ড বলেন, ফুড ডেলিভারি ব্যবসা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং এজন্য বড় স্কেল দরকার হয়।
তিনি আর বলেন, শক্তিশালী অংশীদারের সঙ্গে যুক্ত হওয়া ডেলিভারি হিরোর ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করার জন্য একটি সঠিক পদক্ষেপ।
উবারের প্রধান নির্বাহী দারা খসরোশাহি বলেন, এই সমন্বয়ের মাধ্যমে আরও লাখ লাখ গ্রাহকের কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য সরবরাহ সেবা পৌঁছাবে এবং ব্যবসায়ী ও সরবরাহকারীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
ডেলিভারি হিরোর প্রধান নির্বাহী নিকলাস ওস্টবার্গ বলেন, উবারের বৈশ্বিক প্ল্যাটফর্ম এবং নতুন কিছু করার অভিন্ন প্রতিশ্রুতি তাদের স্থানীয় ডেলিভারি ও কুইক কমার্স ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং তাদের ‘এভরিডে অ্যাপ’কৌশলকে এগিয়ে নেবে।
চুক্তির অংশ হিসেবে উবার প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ডেলিভারি হিরোর বার্লিন সদর দপ্তর ধরে রাখবে এবং অন্তত ২০২৯ সাল পর্যন্ত সেখানে কর্মীসংখ্যায় কোনো পরিবর্তন বা ছাঁটাই করবে না।
এ ছাড়া ২০৩১ সালের মধ্যে জার্মানিতে ২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে উবার, যা কর্মী সম্প্রসারণ, ব্যবসার প্রবৃদ্ধি এবং স্বচালিত গাড়ি প্রযুক্তি ও জার্মান গাড়ি শিল্পের সঙ্গে অংশীদারত্বে ব্যবহার করা হবে।
এই অধিগ্রহণ প্রস্তাব কার্যকর করতে ডেলিভারি হিরোর বিদ্যমান শেয়ারের ৫০ শতাংশের বেশি মালিকের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে। বর্তমানে উবারের কাছে ডেলিভারি হিরোর ২৪ দশমিক ৭৭ শতাংশ ভোটাধিকারসম্পন্ন শেয়ার রয়েছে এবং ইক্যুইটি ডেরিভেটিভের মাধ্যমে আরও ১১ দশমিক ৭৪ শতাংশ অংশীদারত্ব রয়েছে।
এরই মধ্যে বড় প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রসাস তাদের ১৭ শতাংশ শেয়ার উবারকে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে। এর ফলে উবারের মোট শেয়ার প্রায় ৫৩ শতাংশে পৌঁছাবে, যা ডেলিভারি হিরোর নিয়ন্ত্রণ নেয়ার জন্য যথেষ্ট।
উবার জানিয়েছে, অধিগ্রহণ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবেই কোম্পানির সমন্বয়কৃত শেয়ারপ্রতি আয় বাড়বে।
উবার তাদের নিজস্ব নগদ অর্থ এবং ১৪ বিলিয়ন ইউরোর একটি প্রতিশ্রুত ঋণ সুবিধার অর্থ ব্যবহার করে অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় ১৩ দশমিক ৭ বিলিয়ন ডলার পরিশোধ করবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই অধিগ্রহণ সম্পন্ন হলে তা উবারকে ডোরড্যাশ, মেইতুয়ান, গ্র্যাব, জোম্যাটো ও সুইগির মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। এতে বিশ্বজুড়ে কুইক কমার্স খাতে প্রতিযোগিতা আরও তীব্র হবে।


