ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দাপ্তরিক নথি, সারসংক্ষেপ ও গোপনীয় তথ্য অনুমতি ছাড়া প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব নথির গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে গত ৯ আগস্ট ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খানের স্বাক্ষর করা এক অফিস আদেশে ওই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি গোপন আইন, ১৯২৩’ অনুযায়ী কোনো গোপনীয় তথ্য, সিদ্ধান্ত বা নথির ফটোকপি, ছবি কিংবা সারসংক্ষেপ অননুমোদিতভাবে বাইরে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তাই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো দাপ্তরিক নথি বা তথ্য প্রকাশ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আদেশে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নথিপত্রের গোপনীয়তা বজায় রাখার পাশাপাশি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষ বলেছে, সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহি ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে দাপ্তরিক নথিপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণে অনুমোদন ছাড়া কোনো নথি, তথ্য বা সিদ্ধান্ত প্রকাশ না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।


