সারা দেশের স্কুলগুলোতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া করছে এবং তাদের মধ্যে অনেকে ভবিষ্যতে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।
রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুবাইদা বলেন, শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ। এটি সরকারের ‘আনন্দময় শিক্ষা কর্মসূচি’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠান শেষে তিনি ঢাকার বিজয়ী স্কুলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রথম, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় এবং হলিক্রস উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকারের মূল লক্ষ্য কেবল জিপিএ-৫ পাওয়া নয়, বরং প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠা। আগামীতে সরকার সৃজনশীলতা, মেধা ও কর্মদক্ষতা দিয়ে মানবসম্পদ তৈরিতে কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে আনন্দময় শিক্ষা কার্যক্রম শুরু করেছে সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।


