নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ এখন নতুন রূপে ফিরছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মাঠটির আধুনিকায়ন, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। খুব শিগগিরই মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং তা নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন মাঠটির উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বেদখলে থাকা আগ্রাবাদ জাম্বুরী মাঠটি মেয়র শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর উদ্ধার করা হয়। পরবর্তীতে মাঠটিকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন উন্মুক্ত স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়, যাতে নগরবাসী খেলাধুলা, ব্যায়াম ও বিনোদনের সুযোগ পায়।

মাঠটির উন্নয়ন প্রকল্পের আওতায় চারপাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, দর্শনার্থীদের জন্য গ্যালারি সুবিধা, ব্যাপক সবুজায়ন, নান্দনিক ল্যান্ডস্কেপিং এবং বিভিন্ন নাগরিক সুবিধা সংযোজন করা হয়েছে। ফলে এটি শুধু একটি খেলার মাঠ নয়, বরং নগরবাসীর জন্য একটি আধুনিক উন্মুক্ত বিনোদন ও স্বাস্থ্যচর্চা কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

আরও পড়ুন

পরিদর্শনকালে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ স্থান ও আধুনিক খেলার মাঠ নিশ্চিত করা চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করে তোলা এবং একটি সুস্থ, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে আধুনিক খেলার মাঠের কোনো বিকল্প নেই।’

মেয়র আশা প্রকাশ করেন, আগ্রাবাদ জাম্বুরী মাঠ উদ্বোধনের পর এটি নগরবাসীর অন্যতম প্রিয় উন্মুক্ত স্থান ও ক্রীড়া কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং চট্টগ্রামের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) আনোয়ার জাহান, উপসহকারী প্রকৌশলী এ টি এম সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad