গাজীপুরে কয়েকটি ‘টর্চার সেল’ নিয়ে তদন্তের নির্দেশ

গাজীপুরে কয়েকটি ‘টর্চার সেল’ নিয়ে তদন্তের নির্দেশ
রোববার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য এই অভিযোগ উত্থাপন করেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের অন্তত তিন থেকে চারটি জায়গায় ‘টর্চার সেল’ গড়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। এসব টর্চার সেল কারা গড়ে তুলেছে তা দ্রুত খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য এই অভিযোগ উত্থাপন করেন। গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

মুজিবুর বলেন, ‘গাজীপুরের অন্তত তিন থেকে চারটি জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে ওঠেছে, যা আমাদের কাম্য নয়।’ কারা এসব সেল গড়ে তুলেছে তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এই অপকর্মের সঙ্গে যদি ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আরও পড়ুন

অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য একটি নির্ভুল তালিকা প্রণয়নের দাবি জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি চুরি ও ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদার করার তাগিদ দেন।

সংসদ সদস্যের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘বিগত সরকারের শাসনামলে এ ধরনের টর্চার সেলের সংস্কৃতি দেখা গেলেও বর্তমান সরকারের আমলে এসবের কোনো স্থান নেই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য দিক তুলে ধরে জেলা প্রশাসক উদ্বেগ প্রকাশ করে বলেন, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে যা উদ্বেগজনক। এ ছাড়া, জেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ জেলা ও মহানগর পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad