ফরিদপুরে অসহায় লকাই বিশ্বাসের পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তা, দুস্থ নারীদের সেলাই মেশিন ও কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এসব সহায়তা দেওয়া হয়।
বুধবার ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় লকাই বিশ্বাসের পরিবারের কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাবি হস্তান্তর করেন। এ ছাড়া দশ জন নারীর মাঝে সেলাই মেশিনসহ কয়েকটি পরিবারকে কর্মসংস্থান ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতারা।


