গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ১৩ মাস বয়সী মাইশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
এর আগে, গত রোববার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় মাইশা। পরে শিশুটি পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। দুই দিন পর একই পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


