চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে লোহাগাড়া ও চকরিয়াসহ কয়েকটি স্থানে অবরোধের কারণে যান চলাচল বন্ধ ছিল।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে এই অবরোধ কর্মসূচী পালন করেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। ব্যস্ততম এই মহাসড়কের বহু জায়গা এখনও সরু, কোথাও ঢালু, কোথাও আবার তীব্র বাঁক রয়েছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক চলাচলের ফলে সড়ক বেশি পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে বহুগুণ।
তারা বলেন, সব মিলিয়ে এই মহাসড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যাগুলো জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই, বাধ্য হয়েই স্থানীয় বাসিন্দারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধকারীরা আরও জানান, মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিষয়টির কোনো অগ্রগতি হয়নি। তাই তারা ‘মহাসড়ক ব্লকেড’ কর্মসূচি দিয়েছেন।
পরে প্রশাসনের পক্ষ থেকে সড়ক চওড়া করতে দ্রুত পদক্ষেপের আশ্বাসে দুপুর একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।


