লক্ষ্মীপুরের রামগঞ্জে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ১১টার দিকে রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ১০নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈতৃকসূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে বাবার বড়িতে বাড়িতে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তাজুল ইসলাম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, বাকি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।


