২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দেশের নারী কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। এবার একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে এই পুরস্কার পাচ্ছেন সাবেক এই টেবিল টেনিস তারকা।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মোট ১৫ জন ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
সত্তরের দশক থেকে বাংলাদেশের টেবিল টেনিসে যুক্ত থাকা লিনু এক টানা ১৬ মৌসুমের জাতীয় চ্যাম্পিয়ন। সেই সাফল্যের জন্য তার নামও উঠেছে গিনেজ বুকে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে। অবশ্য পেশাদারি ক্যারিয়ার শেষে টেবিল টেনিস ফেডারেশনে কাজ করেছেন সাধারণ সম্পাদক হিসেবে। দায়িত্ব পালন করেছেন সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিভিন্ন কমিটিতেও।
অবশ্য লিনুই প্রথম নন। নব্বই দশকে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য নিয়াজ মোর্শেদ, সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন, জাকারিয়া পিন্টু-সহ আরো আরো অনেক ক্রীড়াবিদই স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।


