বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রেজা আহাম্মদের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এসব কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে (ক্যাপটিভ, আমদানি, নবায়নযোগ্য জ্বালানি ও নেট মিটারিংসহ) সর্বমোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিদ্যুৎ বিতরণ আধুনিকায়ন বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদীন ফারুকের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর আওতাধীন এলাকায় মোট ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনায় গুরুত্ব দিয়েছে।
মন্ত্রী জানান, আধুনিকায়নের অংশ হিসেবে নতুন লাইন নির্মাণ, পুরোনো জরাজীর্ণ লাইন ও উপকেন্দ্র উন্নয়ন, আন্ডারগ্রাউন্ড বিতরণ লাইন ও সাবস্টেশন স্থাপন, এসসিএডিএ, জিআইএস ও স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর স্থাপিত দেশব্যাপী অপটিক্যাল ফাইবার ব্যবহার করে একটি আধুনিক ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, যা সব বিদ্যুৎ স্থাপনাকে এনএলডিসির এসসিএডিএ সিস্টেমের সঙ্গে যুক্ত করেছে। এতে দেশের বিদ্যুৎ ব্যবস্থা সুষ্ঠু, সাশ্রয়ী ও নিরাপদভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ওজোপাডিকোর চারটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং আরও চারটি নতুন প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
এ ছাড়া নেসকো এলাকায় তিনটি প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং একটি প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে বলেও মন্ত্রী সংসদকে জানান।


