ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি তার সঙ্গে ২০৩২ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেছে। এতে কয়েক মাস ধরে চলা দলবদলের জল্পনার অবসান হলো।
২৬ বছর বয়সী ব্রাজিল তারকা গত কয়েক মৌসুমে রিয়ালের আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন। তাকে নিয়ে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহের খবরও প্রকাশিত হয়েছিল। তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের জুনে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়র আমাদের খেলোয়াড়ের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী তিনি ৩০ জুন ২০৩২ পর্যন্ত ক্লাবে থাকবেন।’
ক্লাবটি আরও বলেছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ে ভিনিসিয়ুস সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছে।’
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর ক্লাবটির হয়ে ১২৮টি গোল করেছেন এবং ১০০টি গোলে সহায়তা করেছেন।
স্পেন ও যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল। একই সময়ে আর্সেনাল পরিস্থিতির ওপর নজর রাখছিল। তাকে দলে নেওয়ার সম্ভাবনাও বিবেচনা করছিল।
নতুন চুক্তির ফলে রিয়াল মাদ্রিদের অন্যতম মূল্যবান এই ফুটবলারকে বিনা ট্রান্সফার ফিতে হারানোর সম্ভাবনা শেষ হলো।
এবারের গ্রীষ্মে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলেছেন ভিনিসিয়ুস। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তার দল।
মাদ্রিদে সময়টা দারুণ সফল কেটেছে এই ফরোয়ার্ডের। তিনি দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা শিরোপাসহ আরও অনেক ট্রফি জিতেছেন।
আগামী মৌসুমে প্রথমবারের মতো কোচ হোসে মরিনিয়োর অধীনে খেলবেন ভিনিসিয়ুস। পর্তুগিজ এই কোচ জুনে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন।
গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর মরিনিয়োকে দায়িত্ব দেয় রিয়াল। ইউরোপের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। মৌসুম শেষ করে কোনো বড় শিরোপা ছাড়াই।
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তি রিয়ালের ব্যস্ত দলবদল কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন মৌসুমের আগে ক্লাবটি ইয়ান দিয়োমান্দে, বার্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া ও ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে।


