সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সিলেটের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) এবং ঢাকা বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জাইফা (৩)।
দুর্ঘটনার পর তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাদের মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থলে নিহত বাকি সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের একটি বাসের কাশিকাপন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান এবং নিহতদের মরদেহ উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


