আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার বিকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
তিনি বলেন, নৌপথে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঈদযাত্রা নিরাপদ রাখতে লঞ্চগুলোর ফিটনেস নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় বলে জানান প্রতিমন্ত্রী।
এবারের ঈদে নৌপথে যাত্রীদের যাত্রা অন্যান্য সময়ের তুলনায় আরও স্বস্তিদায়ক হচ্ছে বলেও তিনি জানান।
সদরঘাটের যাত্রীচাপ কমাতে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট চালু করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী ভবিষ্যতে এসব ঘাট স্থায়ী করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা উন্নত ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।


