ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এদিন বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। পরে গণনা শেষে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ও ডুজার সাবেক সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে মাহি ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে লিটন পান ২৪ ভোট।
মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪১ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ৩১ জন সরাসরি এবং ১০ জন পোস্টাল ব্যালটে ভোট দেন।
সহসভাপতি পদে দ্য ডেইলি স্টারের মাহাথীর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মো. রাহাদ উদ্দিন, দপ্তর সম্পাদক পদে দেশ রূপান্তরের এইচ এম খালিদ হাসান এবং অর্থ সম্পাদক পদে ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের মোহাম্মদ সাহেদুল ইসলাম, চ্যানেল ২৪-এর মো. বোরহান উদ্দিন, ঢাকা ট্রিবিউনের মো. সামশুদৌজা নবাব।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াদুল করিম, সাইদুর রহমান, মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং মাহাদী হাসান।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. নূরুল করিম ভূঁইয়া নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, ডুজা সবসময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ায় তারা আনন্দিত।


