ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী সোমবার তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক এবং শিক্ষক–কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বপরিসরে এর পরিচিতি বাড়ানো তার অগ্রাধিকার হবে। তিনি শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া হবে এবং পূর্ববর্তী উপাচার্যের নেওয়া উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
নবনিযুক্ত উপাচার্যকে ফুল, মিষ্টি বা অন্য কোনো উপহার দিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি।


