স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণা অনুযায়ী ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।
সোমবার মধ্যরাতেটি হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ২৪ ঘণ্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস দিয়েছিলেন।
গত কিছুদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখেও চিকিৎসা দিতে দেখা যায়।
এরই মধ্যে অসুস্থ একটি শিশুর মৃত্যুর খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ডের সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।’
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজন চিকিৎসক, একজন জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ও একজন অবেদনবিদকে হাসপাতালটিতে সংযুক্ত করা হয়েছে। আইসিইউ এর শয্যা, প্রয়োজনীয় যন্ত্রপাতিও বসানো হয়েছে।
এখন রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য পাঁচ শয্যার আইসিইউ ইউনিটটি প্রস্তুত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংক্রামক ব্যাধি হাসপাতালটি মাত্র ১০০ শয্যার হওয়ায় এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে পাশের ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।


