দলীয় নয় বরং আগামী পাঁচ বছর জনগণের সরকার হয়ে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। শীঘ্রই জাতীয় পর্যায়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
মন্ত্রী জানান, খাল খননের পাশাপাশি বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও তরান্বিত করা হবে।


