আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় ‘টেনশন করতে’ নিষেধ করা দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
জানা গেছে, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ইনুকে বিচারকক্ষ থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় ওই দুই কনস্টেবল শৃঙ্খলাবহির্ভূত মন্তব্য করেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এমন আচরণ ধরা পড়ে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইনুকে দুই পুলিশ সদস্য বলেন, ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিচার চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ মে দিন ধার্য রয়েছে।


