তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ১৬টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে বড় ধরনের রদবদল এনেছে।
এর মধ্যে ৯ জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ জন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ১৬টি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনসহ পাঁচজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যরা হলেন—অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নুর চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।
অন্যদিকে, এস এম এবাদুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ওয়েজ আর্নার্স বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরোয়ার ভূঁইয়াকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (সিভিল) ইয়াসমিন পারভীনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
খুলনার বিভাগীয় কমিশনার মোখতার আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওসারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একই মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনের সচিব পদে স্থানান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর চার সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সচিবের চাকরি বাতিল করা হয়। পাশাপাশি পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়।


