বেইলি রোডে অবস্থিত মহিলা সমিতি মঞ্চে সপরিবারে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী নাটকটি সপরিবারে দেখেন।
প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছেন–এটি জানার পর মিলনায়তনে উপস্থিত শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও তার পরিবার যখন মঞ্চে ওঠেন, তখন উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উষ্ণ অভিনন্দন জানান।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা এখানে কেবল বিনোদনের জন্য আসেননি; বরং শিশু শিল্পীদের উৎসাহিত করাই ছিল তাদের এই আগমনের মূল উদ্দেশ্য।
নাটক শেষে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। শিকড় চিলড্রেন থিয়েটার-এর প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে এই শিশুতোষ নাটকটির নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।
প্রধানমন্ত্রীকে হঠাৎ বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে দেখে নাটকের শিশু শিল্পীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও কন্যা শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে শিশু শিল্পী ও দর্শক সাধারণ অত্যন্ত আনন্দিত ও বিমোহিত হন। অনেকেই কাছ থেকে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।


