সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে উদ্যোগ না নিলে রাজপথেই এর সমাধান করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার বিকালে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্য।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সভাপতি এমদাদুল্লাহ সোহাইল বলেন, সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ না নিলে এর সমাধান রাজপথেই হবে।
তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করার শামিল।
তিনি আরও বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের সমর্থন পাওয়া সত্ত্বেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে দাবির পক্ষে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা। সংসদে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের ফল বাস্তবায়ন না করলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।’ জনগণের রায়কে সম্মান না জানালে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমির জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস নেতা মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি আতিক বিন ওসমান এবং লিবারেল পার্টির নগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


