সাতক্ষীরার তালা উপজেলায় স্বামী আব্দুস সাত্তারের বিরুদ্ধে স্ত্রী শাহানারা বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহানারা মাগুরা ইউনিয়নের ফলেলা গ্রামের মজিদ মল্লিকের মেয়ে। কয়েক বছর আগে সুজনশাহ গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের শাহাদাত হোসেন নামে এক ছেলে ও সুমাইয়া আক্তার নামে এক মেয়ে রয়েছে।
নিহতের চাচা আতিয়ার রহমান জানান, সম্প্রতি আব্দুস সাত্তার দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যান। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। সাত্তার ঢাকায় থাকলেও ঘটনার দুই-তিন দিন আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়।
পরিবারের অভিযোগ, এরই জেরে শুক্রবার রাতে শাহানারা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তালা থানার উপপরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


