স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়, এটি পুরো জাতির জন্য এক বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালের দায়িত্ব নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে এতে সম্পৃক্ত হতে হবে।
রোববার ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ক একটি জাতীয় ট্রেনিং অব ট্রেইনার্স কার্যক্রমের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসকদের ওপর চাপ দিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো সম্ভব হলেও শতভাগ মশা বা লার্ভা ধ্বংস করা নিশ্চিত করা কঠিন। মশা ২০০ মিটার পর্যন্ত উড়তে পারে এবং যেকোনো ফাঁকফোকর দিয়ে ঘরে ঢুকে যেতে পারে।
তাই এই ‘টোটাল ফাইট’ বা লড়াইয়ে জিততে হলে দেশের প্রতিটি নালা-নর্দমা, ডোবা, জলাবদ্ধ স্থান এবং কচুরিপানাযুক্ত এলাকা পরিষ্কার করতে হবে। একক কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে এ সংকট মোকাবিলা করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সমন্বিত জাতীয় উদ্যোগ, যোগ করেন তিনি।
ভ্যাকসিন প্রসঙ্গে মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে টিকাদান কর্মসূচির বিষয়টি বিবেচনায় থাকলেও এটি অত্যন্ত ব্যয়বহুল এবং বাস্তবায়নও কঠিন। ব্যাপক ভ্যাকসিনেশনে যেতে হলে বিপুল বাজেটের প্রয়োজন এবং চার মাস পরপর টিকা দেওয়ার প্রয়োজন হলে দেশের স্বাস্থ্য বাজেটের ওপর বিশাল চাপ সৃষ্টি হবে। তাই চিকিৎসার চেয়ে প্রতিরোধেই বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শহর ও গ্রামে বৃষ্টির পানি জমে থাকা ছোট ছোট স্থান, গ্যারেজে গাড়ি ধোয়ার পানি, পরিত্যক্ত টায়ার, অব্যবহূত ক্যান এবং ড্রেন-খালে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে।
মন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘প্রতিরোধ ব্যবস্থা শতভাগ কার্যকর করা কঠিন বিধায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সঠিক চিকিৎসা নিশ্চিত করার ওপর। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লাজমা লিকেজ সময়মতো শনাক্ত করা।’
রোগীর অবস্থা কখন সংকটজনক পর্যায়ে যাচ্ছে, সে বিষয়ে সতর্ক নজর রাখতে হবে। সোসাইটি অব মেডিসিনের নেতৃত্বে আধুনিক চিকিৎসা পদ্ধতির বার্তা জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের কনভেনর মোহাম্মদ মনির-উজ-জামানের সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এফ এম সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার রিয়াদ মাহমুদ। কার্যক্রমটি সামগ্রিকভাবে সমন্বয় করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক মো. হালিমুর রশিদ। এ ছাড়া বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস।
এফ এম সিদ্দিকী বলেন, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্রতি মুহূর্তে সতর্ক থাকা জরুরি। নিয়মিত সিবিসি পরীক্ষা এবং প্লাজমা লিকেজ পর্যবেক্ষণের মাধ্যমে রোগীর অবস্থা মূল্যায়ন করতে হবে। প্লাজমা লিকেজ বেড়ে গেলে রোগী দ্রুত শকে চলে যেতে পারে, যা জীবনহানির ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ডেঙ্গু ব্যবস্থাপনায় এবার ‘রিঅ্যাকটিভ’ নয়, বরং ‘প্রো-অ্যাকটিভ’ কৌশল গ্রহণ করা হয়েছে, অর্থাৎ সমস্যা বড় আকার ধারণ করার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিশ্চিত করে, ডেঙ্গু এখন বাংলাদেশে একটি সারা বছরব্যাপী জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। আজকের প্রশিক্ষণ কার্যক্রমটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিচালিত একটি কাঠামোবদ্ধ তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির একটি অবিচ্ছেদ্য অংশ, যা চলতি বছরে ডেঙ্গু মোকাবেলায় সরকারের প্রাথমিক, টেকসই এবং ক্লিনিক্যালভাবে সুদৃঢ় পদক্ষেপের প্রতিফলন।
ট্রেনিং অব ট্রেইনার্সের পরবর্তী ব্যাচে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও করপোরেট হাসপাতালসহ বেসরকারি খাতের চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হবে। এরপর বিভাগ ও জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে প্রমাণভিত্তিক মানসম্পন্ন ডেঙ্গু ব্যবস্থাপনা স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি স্তরে পৌঁছে যায়।


