রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লুটপাট ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কর্মচারী আহত হয়েছেন।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রাজউক অ্যাভিনিউয়ে সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার ডিউটি অফিসার সোনিয়া পারভীন টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিকালে ৩০ থেকে ৩৫ জনের একটি দল সমবায় সমিতির কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কার্যালয়ে লুটপাট চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সময় কার্যালয়ের দায়িত্বে থাকা দুই কর্মচারী বাধা দিতে গেলে লাঠির আঘাতে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে মতিঝিল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


