ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে। আগামী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ পাচারসহ নানা অভিযোগ ওঠার পর গত রোববার পদত্যাগ করেন ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম। পরদিন সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়।
এর একদিনের মাথায় আমিনুল ইসলামকে নিয়োগের খবর এল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. আমিনুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের মেয়াদ থেকে এক বছর মেয়াদে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
নতুন এমডি আমিনুল ইসলাম বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা। যুগ্মসচিব হিসেবে অবসরে যাওয়া এই কর্মকর্তাকে অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছিল।
২০০৫ সালে তাকে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা দিয়েছিল বিএনপি সরকার।


