জাপানের মাউন্ট ফুজিতে বিপদগ্রস্তদের উদ্ধারকাজে ফি আরোপ

জাপানের মাউন্ট ফুজিতে বিপদগ্রস্তদের উদ্ধারকাজে ফি আরোপ
ফুজি পর্বত। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

পর্বতারোহণের মৌসুম ছাড়া কেউ জাপানের মাউন্ট ফুজিতে ঘুরতে গিয়ে বিপদে পড়লে কিংবা উদ্ধারের প্রয়োজন হলে সেই সেবার খরচ দিতে হবে পর্বতারোহীদের।

পর্বতটির উত্তরাংশের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর থেকেই এ ফি কার্যকর করা হবে।

বিবিসির খবরে বলা হয়, বেপরোয়া ও যথাযথ প্রস্তুতি ছাড়া ফুজি পর্বতে আরোহণ ঠেকাতে জাপানের ইয়ামানাশি প্রিফেকচার বেশ কিছু নতুন ব্যবস্থা চালু করছে, উদ্ধারকাজে ফি আরোপ তারই একটি।

ফুজির কাছের সাইতামা প্রিফেকচারে অন্য পার্বত্য এলাকায় হেলিকপ্টার উদ্ধারসেবার জন্য প্রতি পাঁচ মিনিটে আট হাজার ইয়েন বা প্রায় ৫১ মার্কিন ডলার (প্রায় সাড়ে ছয় হাজার টাকা) ফি এরইমধ্যে চালু রয়েছে। ইয়ামানাশি কর্তৃপক্ষ ফি নির্ধারণে ওই ব্যবস্থাকে অনুকরণ করছে।

কেবল ফি আরোপেই সীমাবদ্ধ থাকছে না ইয়ামানাশি কর্তৃপক্ষ। মৌসুমের বাইরে ফুজি পর্বতে আরোহণ করতে চাইলে বিস্তারিত আরোহণ পরিকল্পনাও জমা দিতে হবে। ফুজির মৌসুম-বহির্ভূত সময় সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু হয়ে জুলাই পর্যন্ত। এই সময়ে পর্বতারোহণের ঝুঁকি বেশি থাকে। এই সময়ে অধিকাংশ পাহাড়ি আশ্রয়কেন্দ্র ও শৌচাগারও বন্ধ রাখা হয়। আবহাওয়া এবং যাত্রাপথের অবস্থাও সাধারণত অনেক বেশি প্রতিকূল থাকে।

আরও পড়ুন

ইয়ামানাশির গভর্নর কোতারো নাগাসাকি সোমবার বলেন, ‘আমরা সাধারণ মানুষকে মৌসুমের বাইরে পর্বতারোহণ থেকে বিরত থাকার অনুরোধ করছি। আমরা আশা করি, এসব ব্যবস্থা মানুষকে শীতকালে ফুজি পর্বতে আরোহণ প্রকৃতপক্ষে কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে।’

সাম্প্রতিক সময়ে ফুজি পর্বতের উত্তরাংশের দায়িত্বে থাকা ইয়ামানাশি এবং দক্ষিণাংশের দায়িত্বে থাকা প্রতিবেশী শিজুওকা প্রিফেকচারের কর্মকর্তারা মৌসুমের বাইরে এবং পূর্বপরিকল্পনা ছাড়া পর্বতে ওঠার ঘটনা বাড়তে দেখেছেন। এসব ঘটনায় অসংখ্য পর্বতারোহী মাউন্ট ফুজিতে আটকা পড়েছেন।

শিজুওকা কর্তৃপক্ষ জানিয়েছে, মৌসুমের বাইরে পর্বতে ওঠার চেষ্টা নিবন্ধন না করা ব্যক্তিদের জরিমানা করা হবে। একই সঙ্গে নিষিদ্ধ এলাকায় পর্বতারোহীদের প্রবেশ ঠেকাতে ব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে শিজুওকা কর্তৃপক্ষ হেলিকপ্টারে উদ্ধারসেবার জন্য এখনো কোনো ফি ঘোষণা করেনি।

ফুজি পর্বতে আনুষ্ঠানিক আরোহণ মৌসুম চলে জুলাই থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত। প্রতিবছর প্রায় দুই লাখ পর্বতারোহী শৃঙ্গে পৌঁছানোর চেষ্টা করেন।

এই সময়ের বাইরে ফুজি পর্বতে আরোহণ কঠোরভাবে নিরুৎসাহিত করা হলেও পর্বত শৃঙ্গের আগে বিরতি দেওয়ার জন্য দশটি স্টেশনের মধ্যে পঞ্চম স্টেশন পর্যন্ত ওঠার অনুমতি রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad