ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে হুথি যোদ্ধাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে সরকারি বাহিনী। শনিবারের সংঘর্ষে ১২ হুথি যোদ্ধা নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়েছে, মারিবের দক্ষিণের আল-ফালিহা এলাকায় সরকারি বাহিনীর প্রতিরক্ষা অবস্থানে ঢোকার চেষ্টা করেন হুথিরা। সংঘর্ষের পর তারা পিছু হটে। এতে কয়েকজন হুথি যোদ্ধা আহত হন।
ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, মারিবের বিভিন্ন ফ্রন্টে হুথি বাহিনী ও তাদের মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলো যোদ্ধা জড়ো করছে। জ্বালানি-সমৃদ্ধ অঞ্চলটি দখলে বড় ধরনের অভিযানের প্রস্তুতি হিসেবে এই তৎপরতা চলছে বলে জানান তিনি।
এ পরিস্থিতিতে সরকারি বাহিনী তাদের প্রতিরক্ষা অবস্থান আরও শক্তিশালী করেছে।
মারিবের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান ও তাদের শক্তিবৃদ্ধি লক্ষ্য করে যুদ্ধবিমান একাধিক বিমান হামলা চালিয়েছে।
মারিবে নতুন করে সংঘর্ষের মধ্যে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টেও লড়াই তীব্র হয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ ও পাশের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে সরকারি বাহিনী ও হুথিদের অন্তত ৪৪ যোদ্ধা নিহত হয়েছেন।
ইয়েমেনে ২০১৪ সালের শেষ দিকে সংঘাত শুরু হয়। ওই সময় হুথিরা রাজধানী সানা ও উত্তর ইয়েমেনের বড় অংশ দখল করে নেয়। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে।


